কেরলে নতুন প্রজন্মের প্রতিনিধি আর্যা এবং ওরা





দীপেন্দু চৌধুরী

রাজনীতি বিমুখ যুব সম্প্রদায় রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে গত কয়েক দশকের অভিঞ্জতা সেই কথা বলে। সেই আবহে কেরলে পুর নির্বাচন এবং পঞ্চায়েত ভোটে এক ঝাঁক নতুন মুখ জিতে এসে নজির গড়ল।এদের বেশির ভাগই কম বয়সের মহিলা। বলতে হয় নারী শক্তির জয় জয়কার কেরলের পুর এবং পঞ্চায়েত ভোটে তিরুঅনন্তপুরম পুর-নিগমের মেয়র-পদের জন্য ২১ বছরের ছাত্রী আর্যা রাজেন্দ্রকে বেছে নিয়েছে কেরল সিপিএম। এটা শুধুমাত্র চমক বললেই হবে না। ব্যাতিক্রমী ঘটনা এবং নতুনত্ব আছে বলতে হবে। রাজনীতির ইতিহাস বলছে, এর আগে ভারতের মতো দেশে কোনও শহরই এত কম বয়সী মেয়র পায়নি। এমনটা দাবি করছে, কেরলের সিপিএম রাজ্য কমিটি।

আর্যা রাজেন্দ্রন এসএফআই রাজ্য কমিটির সদস্য। প্রথমবার ভোটে দাঁড়িয়েই নিজের ওয়ার্ডে ইউডিএফের প্রার্থীকে ২৮৭২ ভোটে হারিয়ে দিয়েছেন আর্যা। আর্যাকে রাজ্যের রাজধানী শহর তিরুঅনন্তপুরম শহরের মেয়রের দায়িত্ব দিচ্ছে সিপিএম। অঙ্কের ছাত্রী আর্যা এখনও কলেজে পড়ছেন। শহরের অল সেন্টস কলেজের বিএসসি পড়ছেন তিনি। আর্যার বাবা বিদ্যুতের মিস্ত্রি। মা জীবন বিমা নিগমের এজেন্টের কাজ করেন। কেরল সিপিএম সূত্রে খবর, তিরুঅনন্তপুরম জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলী শহরের নতুন মেয়র পদের জন্য আর্যার নাম ঠিক করেএই সিদ্ধান্তের পরে মেয়র হিসেবে আর্যারমতো নতুন মুখের নাম সুপারিশ করে পাঠান হয় দলের রাজ্য দফতরে। সিপিএম দলের রাজ্য নেতৃত্বের অনুমোদনের জন্য

আর্যার নামে সিলমোহর দেওয়ার পরে আর্যাকে নতুন দায়িত্বের কথা জানান হয়। আর্যা নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘’কলেজের পড়ার সঙ্গে সঙ্গে রাজনীতির পাঠও নিচ্ছি। দল যে দায়িত্ব আমাকে দেবে আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করব। বামপন্থী রাজনীতি আমাদের এই পাঠ দিয়েছে।‘’ তিরুঅনন্তপুরম পুরসভায় মোট ১০০ টি ওয়ার্ড আছে। মেয়র পদে আর্যাকে বেছে নিয়ে রাজ্য বিধানসভা ভোটের কয়েকমাস আগে নতুন বার্তা দিতে চাইল সিপিএম। বাম দলটির যুগান্তকারী সিদ্ধান্ত। মহিলা এবং নতুন প্রজন্মের ভোটারদের কাছে বার্তা বয়ে নিয়ে যাবে এই উদাহারণ।

আর্যা যেমন তিরুঅনন্তপুরম পুরসভার মহিলা মুখ পাশাপাশি কেরল সিপিএম এক ঝাঁক মহিলাকে বেছে নিয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবেপাথানামিয়া জেলার আরভাপুলম গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী হচ্ছেন রেশমা মারিয়ম রায়। রেশমার বয়সও মাত্র ২১ বছর। নিজের জেলা পাথানামিয়ার এসএফআই-র জেলা কমিটির সদস্য রেশমা মারিয়ম একই সঙ্গে ডিওয়াইএফআই-র জেলা কমিটিরও সদস্য। ২২ বছরের শারুথি ওলাভান্নায় গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী হচ্ছেন। ওলাভান্না অঞ্চল কোঝিকোড় শহরতলি এলাকার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আইনের ছাত্রী শারুথি এলাকার মানুষের নজরে পড়েন একটি ঘটনায়। একটি রেশন দোকানের মালিক করোনায় আক্রান্ত হলে শারুথি সেই রেশন দোকানের দায়িত্ব নেয়। রাজ্য সরকারের দেওয়া খাদ্যসামগ্রী বন্টনের কাজ বন্ধ হতে দেয়নি একদিনের জন্যও। এসএফআই নেত্রী শারুথি পঞ্চায়েতের ভোটের প্রচার করেছেন, নিজের রয়্যাল এনফিল্ড বাইকে চড়ে।

উদাহারণ হিসেবে আরও কয়েকজন উঠে এসেছেন। কেরালার কোল্লাম জেলার পাথনাপুরম ব্লক পঞ্চায়েতের সভাপতি হয়েছেন ওই অফিসের সাফাইকর্মী এ আনন্দভাল্লী। ওয়াইনাডের পোজুথানা গ্রাম পঞ্চায়েতে আদিবাসী মহিলাদের জন্য সংরক্ষিত আসনে জিতে গেছেন ২২ বছরের স্টেফি সুনীল। এসএফআই নেত্রী স্টেফি পোজুথানা গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী নির্বাচিত হয়েছেন। তালিকায় আছেন ২২ বছরের আরও দু’জন তরুণীর নাম। কোল্লাম জেলার ইত্তিভা গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ২২ বছরের অমৃতা। কোচি পুরসভার ডেপুটি মেয়র হচ্ছেন সিপিআই-র আনসিয়া তারও বয়স ২২ বছর

সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির এক নেতা বলছিলেন, তরুণ প্রজন্মের এই সব নেতৃত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে দু’টি লাভ আছে। এক, ভালো প্রশাসক হিসেবে স্বচ্ছ প্রশাসন দিতে পারে। আর দুই, তরুণ প্রজন্মের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া যায়। কেরলে নতুন হলেও আমাদের কাছে নতুন নয়। কারণ পশ্চিমবঙ্গে ২০০১ সালে রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস রাজ্য বিধানসভার নির্বাচনে এক ঝাঁক নতুন মুখ দাঁড় করিয়ে স্বচ্ছ এবং গতিশীল প্রশাসন উপহার দিয়েছিলেন রাজ্যবাসীকে। মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই বছর পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে বাম গণতান্ত্রিক জোট কমবয়সীদের প্রাথী হিসেবে বেছে নিয়েছিল। এটা একটা পরীক্ষা নিরীক্ষার বিষয় ছিল। সেখানে আমাদের দল সফল। আগামী দিনে এদের আরও বৃহত্তর দায়িত্ব দেওয়া হবে আশা করা যায়।                                       

 

Comments